চ্যাম্পিয়ন্স ট্রফি'র আফগানিস্তান ম্যাচ বয়কট করতে ইসিবিকে চিঠি
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি’র আফগানিস্তানের সাথে ম্যাচটি বয়কটের আহ্বান জানিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)-কে একটি চিঠি পাঠিয়েছে ১৬০ জনেরও বেশি ব্রিটিশ রাজনীতিবিদ।
তাদের দাবি, আফগানিস্তানে তালেবান শাসনে নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদ হিসেবে এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি তোনিয়া আন্তোনিয়াজ্জির লেখা চিঠিতে সই করেছেন রিফর্ম পার্টির নেতা নাইজেল ফ্যারাজ, লেবার পার্টির সাবেক নেতা জেরিমি করবিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা।
ইসিবি প্রধান নির্বাহী রিচার্ড গোল্ডকে উদ্দেশ্য করে আন্তোনিয়াজ্জি লিখেছেন, “আমরা ইংল্যান্ড পুরুষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের আহ্বান জানাচ্ছি, তালেবান শাসনাধীন আফগানিস্তানে নারীদের ওপর চলমান জঘন্য আচরণ নিয়ে সচেতনতা সৃষ্টি করতে। পাশাপাশি, আফগানিস্তানে নারীদের প্রতি তালেবানের বর্বর আচরণের বিরুদ্ধে শক্তিশালী বার্তা হিসেবে ইসিবি যেন আফগানিস্তান ম্যাচটি বয়কট করার বিষয়টি বিবেচনা করে।”
আগামী মাসে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে আট দলের চ্যাম্পিয়নস ট্রফি। 'বি' গ্রুপে অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়বে ইংল্যান্ড। ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামার কথা রয়েছে ইংল্যান্ডের।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে