Views Bangladesh Logo

৬ হাজার ৬২০ কেন্দ্রের ভোটের তথ্য পায়নি ইসি

সারাদেশের ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৬ হাজার ৬২০ কেন্দ্রের ভোটের তথ্য এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার বিকেল ৪টায় সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪২ হাজার ৬৫১ কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ভোটের তথ্য পাওয়া গেছে। এসব কেন্দ্রে ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ।

তিনটি আসনের শতাধিক কেন্দ্রে ভোট বন্ধের দাবি প্রসঙ্গে জানতে চাইলে ইসি সচিব বলেন, অভিযোগ আছে। সেটা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এখানে বসে তথ্য না নিয়ে আগাম কিছু বলতে পারি না। আগাম বললে মানুষ বিভ্রান্ত হবে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, সে অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেবেন।

নির্বাচন পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এ পর্যন্ত নির্বাচনে বড় কোনো সমস্যা নেই।

নিজের দুটি কেন্দ্র পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে আখতার আহমেদ বলেন, দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল, তবে পরে ভোটারদের উপস্থিতি বেড়েছে।

কত শতাংশ ভোট পড়তে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যত শতাংশ শেষ পর্যন্ত কাস্ট হবে, সেটাই আমাদের প্রত্যাশা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ