ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য ইসিকে চিঠি দেয়া হবে: প্রধান উপদেষ্টা
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।
প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা নির্বাচন অনুষ্ঠান। আজ এই মহান দিবসে আপনাদের সামনে এ বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব—একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া।”
তিনি জানান, “অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যাতে নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করেন।”
এসময় তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এ দেশের সকল নাগরিক একটি 'নতুন বাংলাদেশ' গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সর্বপ্রকার সহযোগিতা করব।”
তিনি আরও বলেন, “এবারের নির্বাচন যেন আনন্দ-উৎসবের দিক থেকে, শান্তি-শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতি এবং পারস্পরিক সৌহার্দ্য-আন্তরিকতার দিক থেকেও দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে, সেজন্য আগামীকাল থেকেই আমরা মানসিক প্রস্তুতি এবং প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করবো।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে