Views Bangladesh Logo

বিএনপি জোটের প্রার্থী জীবা আমিনা খানের মনোনয়নপত্র বৈধ: ইসি

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী জীবা আমিনা খানের মনোনয়নপত্র বৈধ বলে রায় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তার মনোনয়নের বিরুদ্ধে করা একটি আপিল আবেদন শুনানি শেষে খারিজ করে দেয় কমিশন। এর ফলে নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা রইল না।

সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে জীবা আমিনা খানের বিরুদ্ধে মূলত ‘দ্বৈত নাগরিকত্ব’ এবং ‘সম্পদ গোপনের’ অভিযোগ উত্থাপন করা হয়েছিল। তবে উভয় পক্ষের যুক্তি খণ্ডন শেষে নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্রটি বৈধ বলে বহাল রাখে।

শুনানিতে আপিলকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার হারুনর রশীদ দাবি করেন যে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জীবা আমিনা খানের ব্রিটিশ নাগরিকত্ব বহাল ছিল। তিনি যুক্তি দেখান, নাগরিকত্ব ত্যাগের প্রক্রিয়া কেবল আবেদন করলেই সম্পন্ন হয় না।

শুনানি শেষে সাংবাদিকদের ব্যারিস্টার হারুনর রশীদ বলেন, ‘জীবা আমিনা খান ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেন এবং হলফনামায় উল্লেখ করেন যে, তিনি একই দিনে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন। ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট ১৯৮১ অনুযায়ী নাগরিকত্ব ত্যাগের প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে কার্যকর হয় না। কোনো ব্যক্তি নাগরিকত্ব ত্যাগের আবেদন করলেই তা কার্যকর হয় না; বরং যুক্তরাজ্যের হোম অফিসে তা নিবন্ধিত হওয়ার পরই তা কার্যকর হয়। এছাড়া অন্য কোনো দেশের নাগরিকত্ব নিশ্চিত না হওয়া পর্যন্ত পূর্বের নাগরিকত্ব বহাল থাকে।’

তিনি আরও যোগ করেন যে, এই বিষয়গুলো কমিশনকে বিস্তারিত জানানো হলেও আপিলটি খারিজ করা হয়েছে।

তবে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ অনুযায়ী, কোনো ব্যক্তির দ্বৈত নাগরিকত্ব বহাল থাকলে সেই ব্যাক্তি নির্বাচনে অংশ নিতে পারেন না। এ কারণেই ইসির আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন বলে জানান জীবার আইনজীবী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ