সেনাসদস্যদের সঙ্গে জামায়াত প্রার্থীর বাজে আচরণ, ব্যবস্থা নেবে ইসি
ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এসএম খালেকুজ্জামানের বিরুদ্ধে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে অশালীন ভাষা ও গালিগালাজের অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ঢাকা-১৭ আসনে একজন প্রার্থীর সেনাসদস্যদের সঙ্গে দুর্ব্যবহার এবং জোরপূর্বক অস্ত্র নিয়ে যেতে চাওয়ার অভিযোগ প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, বিষয়টি তদন্তাধীন। কেউ যদি ক্ষতিগ্রস্ত বা ক্ষুব্ধ হন, তাহলে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি ও অ্যাডজুডিকেশন কমিটির কাছে অভিযোগ দাখিল করতে পারেন। তদন্তে আচরণবিধি ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কমিশনের কাছে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।
তিনি বলেন, প্রতিটি অভিযোগ ঘটনা ও প্রমাণের ভিত্তিতে (ফ্যাক্টস টু ফ্যাক্টস, কেস টু কেস) বিবেচনা করা হবে।
নির্বাচনি শৃঙ্খলা রক্ষায় কমিশনের প্রস্তুতির কথা তুলে ধরে আব্দুর রহমানেল মাছউদ জানান, সারা দেশে প্রায় ৩০০ জন বিচারকের সমন্বয়ে ৩০০টি ইলেক্টোরাল ইনকোয়ারি ও অ্যাডজুডিকেশন কমিটি কাজ করছে। পাশাপাশি মাঠপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও অভিযোগ প্রমাণিত হলে একই ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সরাসরি অভিযোগ দাখিল ছাড়াও গণমাধ্যম বা অন্যান্য নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতেও সংশ্লিষ্ট কমিটি বিষয়টি আমলে নিতে পারে। তদন্ত শেষে তারা কমিশনের কাছে প্রতিবেদন ও সুপারিশ পাঠাবে এবং কমিশন সে অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
নির্বাচনি পরিবেশ সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ রাখতে সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, কোনো বিষয় অত্যন্ত গুরুতর হলে নির্বাচন কমিশন নিজ উদ্যোগেও তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নিতে পারে।
নির্বাচনের সার্বিক পরিবেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা মনে করি, নির্বাচনি পরিবেশ তুলনামূলকভাবে ভালো রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে