Views Bangladesh Logo

রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল ঘোষণার আগে স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে আলোচনা করতে খুব শিগগিরই জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সাক্ষাতের পরই তফসিল ঘোষণাসহ পরবর্তী কার্যক্রম চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে কমিশন।

রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কার্যালয়ে অনুষ্ঠিত এক অনির্ধারিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের একটি আনুষ্ঠানিক বৈঠক প্রয়োজন। এজন্য খুব শিগগিরই ভারপ্রাপ্ত স্পিকারের কাছে সাক্ষাতের সময় চেয়ে অনুরোধ জানানো হবে। বৈঠকের পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণাসহ পরবর্তী কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত আইন, সাংবিধানিক বিধান এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এসব বিষয় পর্যালোচনা শেষে স্পিকারের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়।

নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেই ধারাবাহিকতায় এবার ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এ জন্য সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। সেই তালিকার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করবে ইসি। এরপর কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, স্পিকারের সঙ্গে বৈঠকে নির্বাচনসংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া ও সময়সূচি নিয়ে আলোচনা হবে। এরপরই রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের পরবর্তী ধাপ শুরু হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ