Views Bangladesh Logo

নির্বাচনী দায়িত্ব পালনকালে মারা গেলে পরিবার পাবে ১০ লাখ টাকা: ইসি

নির্বাচনকালীন দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা, কর্মচারী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মারা গেলে তার পরিবারকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১০ জুন) এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

ইসির উপ-সচিব রাশেদুল ইসলামের স্বাক্ষর করা এ সংক্রান্ত নতুন নীতিমালায় বলা হয়েছে, ভোট ও ভোটার তালিকা প্রণয়নের দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্ঘটনা বা হামলায় মারা গেলে তার পরিবারের জন্য ১০ লাখ টাকা, গুরুতর আহত/স্থায়ী অক্ষম ব্যক্তিদের জন্য ৪ লাখ টাকা অনুদান দেওয়া হবে। এছাড়া গুরুতর আহত/অস্থায়ী অক্ষম ব্যক্তিদের জন্য ২ লাখ টাকা এবং আহত ব্যক্তিদের সর্বোচ্চ ৫০ হাজার টাকা দেওয়া হবে।

নীতিমালা অনুযায়ী, দায়িত্বরত অবস্থায় হঠাৎ কেউ গুরুতর অসুস্থ হয়ে মারা গেলে তার পরিবার ৬ লাখ টাকা ক্ষতিপূরণ পাবে। এছাড়া গুরুতর অসুস্থ/স্থায়ী অক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে ৩ লাখ টাকা এবং সাময়িক অসুস্থতার শিকার হলে ৫০ হাজার টাকা দেওয়ার বিধান রাখা হয়েছে।

এর পাশাপাশি দায়িত্ব পালনকালে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন হলে সর্বোচ্চ ৩ লাখ টাকা এবং সাধারণ হাসপাতালে ভর্তির খরচের জন্য ২ লাখ টাকা পর্যন্ত সহায়তার কথা বলা হয়েছে নীতিমালায়।

ইসি সূত্রে জানা গেছে, এই আর্থিক সুবিধা পেতে হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার পরিবারকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনগুলো প্রথমে একটি যাচাই-বাছাই কমিটির কাছে যাবে। কমিটির পর্যালোচনার পর কমিশন চূড়ান্ত অনুমোদন দেবে এবং সহায়তার পরিমাণ নির্ধারণ করবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই কল্যাণমুখী নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ