Views Bangladesh Logo

আজ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল আজ সোমবার ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেলা ১১টায় ‘কমিশন সভা’ অনুষ্ঠিত হবে।

ইসি সূত্রে জানা গেছে, এই সভায় সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণার পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। তফসিল ঘোষণার আগে সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য নির্বাচন কমিশনাররা অংশ নেবেন। এছাড়া ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

জানা গেছে, সভায় মোট পাঁচটি বিষয় আলোচ্যসূচিতে রয়েছে। এর মধ্যে রয়েছে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সংক্রান্ত বিষয়াদি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত নির্বাচনী সামগ্রী সংরক্ষণে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা, আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন, নির্বাচন-পূর্ব ও নির্বাচন-পরবর্তী বিভিন্ন মামলা সংক্রান্ত অবহিতকরণ এবং নির্বাচনকালে আহত ও নিহতদের ক্ষতিপূরণ নীতিমালা।

আইন অনুযায়ী, সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের ৩০ কার্যদিবসের মধ্যে সংরক্ষিত নারী আসনে দলগুলোর অংশগ্রহণ সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হয় এবং পরদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেই হিসেবে গতকাল রোববার এই সময়সীমা শেষ হয়েছে, ফলে আজ ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এছাড়া গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী আগামী ১৪ মে’র মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশন চলতি এপ্রিলের মধ্যেই ভোটগ্রহণ শেষ করতে আগ্রহী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ