দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি: মাছউদ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগে শূন্য হওয়া পদে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, এ লক্ষ্যে খুব দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (২৪ জুলাই) একটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে আব্দুর রহমানেল মাছউদ বলেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ এবং রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
তিনি জানান, বিদ্যমান সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। তাদের নিয়ে ভোটার তালিকা প্রস্তুত করার পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতোই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। একাধিক প্রার্থী থাকলে ভোট হবে, আর একক প্রার্থী হলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
ইসি কমিশনার আরও বলেন, শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কমিশনের কার্যক্রম বন্ধ থাকবে। রোববার অথবা এর পরবর্তী সময়ে কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে সিদ্ধান্ত নেবে।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন বাধ্যতামূলক। শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সেই সাংবিধানিক প্রক্রিয়া শুরু হয়েছে।
মতামত দিন