দেশবাসীকে ধন্যবাদ জানাল ইসি, শুক্রবার বিশেষ দোয়ার আহ্বান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সারাদেশে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন ও গণভোট উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার জন্য কমিশন কৃতজ্ঞ। এছাড়া দায়িত্ব পালনকারী সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, দেশি-বিদেশি পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী এবং সাধারণ ভোটারসহ দেশবাসীর প্রতিও আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
ইসি আরও জানিয়েছে, দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনায় শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজনের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতায় কমিশন সন্তোষ প্রকাশ করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে