এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন সমাধান করল নির্বাচন কমিশন
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনে জমা পড়া ৬৫ লাখ ৭০ হাজার ৮৪২টি আবেদনের মধ্যে ৬৪ লাখ ৪২ হাজার ৮৩২টি নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে ১ লাখ ২৮ হাজার ১০টি আবেদন। বিভিন্ন কারণে বাতিল করা হয়েছে ১৩ লাখ ৫৫ হাজার ১৫৭টি আবেদন।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ১৮ অক্টোবর পর্যন্ত হালনাগাদ তথ্য থেকে এসব বিষয় জানা গেছে। তথ্য অনুযায়ী, ২০২৪ সাল পর্যন্ত জমা পড়া আবেদনগুলোর নিষ্পত্তি সম্পন্ন হয়েছে। ২০২৫ সালের আবেদন নিষ্পত্তির কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে প্রতি মাসে নতুন করে ৮০ হাজার থেকে ৯০ হাজার আবেদন জমা পড়ায় কিছু আবেদন অপেক্ষমাণ থাকছে।
ইসির তথ্য বলছে, ‘ঘ’ ক্যাটাগরিতে ৬৯ হাজার ২৫২টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ঢাকা অঞ্চলে ১০ হাজার ৬১৫টি এবং কুমিল্লা অঞ্চলে ১০ হাজার ৫৫৯টি আবেদন রয়েছে।
আবেদন নিষ্পত্তির কাজ দ্রুত করতে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ, উপজেলা ও জেলা পর্যায়ে নিষ্পত্তির সুযোগ বাড়ানো এবং কর্মকর্তাদের কার্যক্রম নিয়মিত তদারকি করছে কমিশন। জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে অনলাইনে যাচাই করা যায়, এমন শিক্ষাসনদকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি কর্মকর্তাদের নিষ্পত্তি করা আবেদন থেকে দৈবচয়নের ভিত্তিতে নমুনা বাছাই করে যাচাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, বয়সের তথ্যে অসংগতি, সংশোধনযোগ্য নয় এমন তথ্য পরিবর্তনের আবেদন এবং একই বিষয়ে একাধিকবার আবেদন করার কারণে কিছু আবেদন বাতিল হচ্ছে কিংবা অপেক্ষমাণ থাকছে। এনআইডি জালিয়াতি ঠেকাতেও কঠোর অবস্থানে রয়েছে কমিশন। এ ধরনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। জালিয়াতি প্রতিরোধে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালুর সম্ভাবনাও যাচাই করা হচ্ছে।
মতামত দিন