Views Bangladesh Logo

স্থানীয় সরকার নির্বাচন সামনে, সবার সহযোগিতা চাইলেন ইসি সানাউল্লাহ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দল, পর্যবেক্ষক সংস্থা এবং সব অংশীজনের সহযোগিতা কামনা করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণসংক্রান্ত সুপারিশ নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ইসি সানাউল্লাহ বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের কাছ থেকে অনেক সুপারিশ পাওয়া গেছে। সেগুলো পর্যালোচনা করে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি সংস্কার পরিকল্পনা গ্রহণ করা হবে এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে বাস্তবায়নের চেষ্টা করা হবে।

তিনি বলেন, নির্বাচনের আগে ও পরে পর্যবেক্ষক দল এবং বিভিন্ন অংশীজনের মতামত নেওয়া হয়েছে। এ সংলাপের মাধ্যমেও নির্বাচন আরও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে কার্যকর সুপারিশ পাওয়া যাবে।

ইসি সানাউল্লাহ আরও বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করার প্রক্রিয়া চলমান। দুই দিনের এই সংলাপ থেকে পাওয়া সুপারিশ ভবিষ্যতের নির্বাচন ব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের ভিত্তিতে ইতোমধ্যে ১৯টি সুপারিশ দেওয়া হয়েছে। কর্মশালার আলোচনার মাধ্যমে আরও সুপারিশ আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসব সুপারিশের অগ্রাধিকার নির্ধারণ করে বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সংলাপের আয়োজন করেছে ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস (আইএফইএস)। এতে স্থানীয় পর্যবেক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, নির্বাচন কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ