Views Bangladesh Logo

২৯৭ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের নাম-পরিচয়সহ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ গেজেট জারি করা হয়।

এর আগে বৃহস্পতিবার সারাদেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারবিষয়ক জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে ২৯৭টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করে ইসি। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে রাতেই নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হয়। গতকাল রাতে গণভোটের ফলাফলেরও গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেটের তথ্য অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন। অন্যদিকে ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬‍ জন। গণভোটে বাতিল করা ব্যালট পেপারের সংখ্যাও বিপুল—৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি।


এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনার কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন। কেউ সংক্ষুব্ধ হলে নির্বাচন ট্রাইব্যুনালে যেতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন।

ইসি জানায়, মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণের কথা থাকলেও আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুর কারণে কয়েকটি আসনের ফল স্থগিত রাখা হয়। যাচাই-বাছাই শেষে ২৯৭ আসনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২১২টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৭৭টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৭টি আসনে জয়ী হয়েছে। বাকি আসনগুলোতে স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ