Views Bangladesh Logo

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি

স্থানীয় সরকার নির্বাচন আগামী অক্টোবরকে সামনে রেখে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সরকারের সঙ্গে আলোচনা ছাড়া এ বিষয়ে এখনই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

সোমবার (৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, সরকারের সঙ্গে লিখিত ও অলিখিত আলোচনার ভিত্তিতেই স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অক্টোবরকে সামনে রেখেই নির্বাচন কমিশন প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, অক্টোবর মাসে নির্বাচন অনুষ্ঠিত হলে প্রায় ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করতে হবে। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনার আরও বলেন, কোন নির্বাচন আগে হবে, সে বিষয়ে এখনই সিদ্ধান্ত হয়নি। তবে আইনগত ও বাস্তবিক দিক বিবেচনায় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা যৌক্তিক হবে। সিটি করপোরেশনগুলো বর্তমানে প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

সরকারের সঙ্গে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, সীমানা নির্ধারণসহ বিভিন্ন বিষয় সরকারের সঙ্গে সম্পৃক্ত। তাই বাস্তবতা ও আইনগত প্রয়োজনেই সরকারের সঙ্গে আলোচনা ও বোঝাপড়ার ভিত্তিতে নির্বাচন আয়োজন করতে হবে।

তিনি আরও বলেন, সব স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে আয়োজন সম্ভব নয়। কোন নির্বাচন আগে হলে জনগণের বেশি উপকার হবে, সে বিষয়টি সরকারের সঙ্গে আলোচনা করে তফসিল ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি শুরু করেছে কমিশন। আগামী সপ্তাহ থেকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব এ বিষয়ে নিয়মিত গণমাধ্যমকে অগ্রগতির তথ্য জানাবেন।

তিনি বলেন, নির্বাচনের আচরণবিধির খসড়া ইতোমধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে পাওয়া মতামত পর্যালোচনা করা হচ্ছে এবং প্রয়োজন হলে আইন ও বিধিমালায় সমন্বয় আনা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ