Views Bangladesh Logo

নির্বাচনী ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ ৭ দলকে ইসির নোটিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি ব্যয়ের হিসাব বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ ৭টি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নোটিশ পাওয়া দলগুলো হলো—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং আমজনতার দল।

বৃহস্পতিবার (২৫ জুন) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এ বিষয়ে পৃথক পৃথক চিঠি সংশ্লিষ্ট দলগুলোর কাছে পাঠানো হয়েছে।

ইসির চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসব দল প্রার্থী মনোনয়ন দিয়েছিল। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নির্বাচন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে নির্বাচনি ব্যয়ের নিরীক্ষিত হিসাব কমিশনে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

ইসি সূত্র জানায়, নির্ধারিত সময়ে হিসাব জমা না পাওয়ায় গত ১৬ মার্চ দলগুলোকে চিঠি দিয়ে ১৩ মে’র মধ্যে হিসাব জমা দিতে বলা হয়েছিল। পরে ১৯ মে সতর্কীকরণ নোটিশ দিয়ে ১৩ জুনের মধ্যে হিসাব দাখিলের নির্দেশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যেও দলগুলো হিসাব জমা দেয়নি।

এ কারণে এবার দলগুলোর কাছে কারণ জানতে চেয়ে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ