Views Bangladesh Logo

সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ৩৬ জন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাছাই প্রক্রিয়া শেষে ইসি সচিবালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিএনপির ৩৬ জন ছাড়াও 'স্বতন্ত্র জোট' থেকে মনোনীত একজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে ইসি।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

এর আগে গত ২০ এপ্রিল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ৩৬ জনের তালিকা চূড়ান্ত করেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, সংরক্ষিত আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল ছিল বাছাইয়ের দিন। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল, যা ২৭ ও ২৮ এপ্রিলের মধ্যে নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল।

আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। বর্তমান সংসদের আসন বণ্টন অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট এবার ৩৬টি আসন পাচ্ছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ