Views Bangladesh Logo

৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র ধূমপানমুক্ত ঘোষণা ইসির

১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র ধূমপানমুক্ত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সব রিটার্নিং কর্মকর্তার কাছে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন ইসির সিনিয়র সহকারী সচিব শাহিদুল ইসলাম।

চিঠিতে নির্বাচন কমিশন জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলাকালে সব ভোটকেন্দ্রকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, সারা দেশে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৭৯টি এবং ভোটকক্ষের (বুথ) সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি। গড়ে প্রতি ৩ হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ভোটের দিন মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে ইসি। এর মধ্যে ৪২ হাজার ৭৭৯ জন প্রিসাইডিং কর্মকর্তা, ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হওয়ায় এবার ভোটকেন্দ্র ও বুথের সংখ্যা বেড়েছে। এতে ভোট গণনায় আগের চেয়ে বেশি সময় লাগতে পারে।

বর্তমানে দেশে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া সম্প্রদায়ের ভোটার ১ হাজার ২৩২ জন।

উল্লেখ্য, ১২তম জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৪৪ হাজার ভোটকেন্দ্র ছিল। ১১তম সংসদ নির্বাচনে ৪০ হাজারের বেশি ভোটকেন্দ্র এবং দুই লাখের বেশি ভোটকক্ষ ছিল। এর আগে ১০ম সংসদ নির্বাচনে ৩৭ হাজার ৭০৭টি ভোটকেন্দ্র ও ১ লাখ ৮৯ হাজার ৭৮টি ভোটকক্ষ এবং ৯ম সংসদ নির্বাচনে ৩৫ হাজার ২৬৩টি ভোটকেন্দ্র ও ১ লাখ ৭৭ হাজার ২৭৭টি ভোটকক্ষ ছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ