সংসদীয় সীমানা পুনঃনির্ধারণে ইসির শুনানি অব্যাহত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনসীমা পুনঃনির্ধারণের বিষয়ে দ্বিতীয় দিনের মতো শুনানি চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার সকাল ১০টায় আগারগাঁওয়ের ইসি অডিটরিয়ামে এই শুনানি শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শুনানিতে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের আপত্তিগুলো শোনা হয়। সকালে সাতক্ষীরা, যশোর ও বাগেরহাট অঞ্চলের আসন নিয়ে শুনানি হয়। বিকেলে ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের আসনগুলো নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
ইসি আগামী বুধবার (২৭ আগস্ট) পর্যন্ত এই শুনানি চালাবে। মোট ১ হাজার ৭৬০টি আপত্তি ও দাবি পর্যালোচনা করার পর ৩০০ আসনের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। এর আগে গত ৩০ জুলাই ইসি সংসদের ৩০০ আসনের সীমানা পুনর্বিন্যাসের একটি খসড়া প্রকাশ করেছিল, যেখানে গাজীপুরে একটি আসন বাড়ানো হয় এবং বাগেরহাটের আসন সংখ্যা কমানো হয়। এছাড়া আরও ৩৯টি আসনে পরিবর্তন আনার প্রস্তাব করা হয়।
অন্যদিকে, বাগেরহাটের আসন সংখ্যা কমানোর প্রতিবাদে স্থানীয়রা ইসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং আগের চারটি আসন ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে