Views Bangladesh Logo

‘নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য’ ভোট নিশ্চিতের অঙ্গীকার সিইসির

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন আগামীকাল অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ‘অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য’ করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত।

ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা, অংশগ্রহণ এবং আস্থা নিশ্চিত করতে কমিশন বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করেছে। এতে আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক প্রস্তুতি, অংশীদারদের সঙ্গে পরামর্শ ও কার্যকরী পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।

সিইসি বলেন, সারা দেশে ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে প্রায় ৪৫ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে ২৭ লাখ নারী। মোট নিবন্ধিত ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭০ লাখের বেশি। প্রথমবার প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে বিদেশ থেকে ভোটদানের ব্যবস্থা চালু করা হয়েছে। প্রায় ৮ লাখ প্রবাসী ভোটার এতে নিবন্ধন করেছেন।

ভোটকেন্দ্র, ভোটকর্মী ও নির্বাচনী উপকরণের প্রস্তুতি সম্পন্ন, ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা ভোটকর্মীদের সহায়তায় ভোট ও গণনা পরিচালনা করবেন। ভোটারদের অংশগ্রহণ সহজ করতে আগামী দুই দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সিইসি জানান, নির্বাচনে ৪৫টি দেশ ও সংস্থার প্রতিনিধিরা থাকবেন, আন্তর্জাতিক পর্যবেক্ষক ৩৩০-এর বেশি এবং দেশীয় পর্যবেক্ষক ৪৫ হাজারের বেশি। নিরাপত্তার ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভোটারদের গোপনীয়তা নিশ্চিত করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ