সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা
সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ মে (মঙ্গলবার)।
বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত অনুষ্ঠানে তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, ৬ এপ্রিল কমিশনের সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এ তফসিল প্রকাশ করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল। নির্বাচন কমিশন সচিবালয়ে এসব মনোনয়নপত্র জমা দিতে হবে। এরপর ২২ ও ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন। আপিল করতে চাইলে ২৬ এপ্রিল আবেদন করা যাবে, আর আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
নির্বাচন পরিচালনার দায়িত্বে রিটার্নিং কর্মকর্তা হিসেবে থাকবেন মইনুদ্দিন খান এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন মনির হোসেন। এছাড়া চারজন পোলিং কর্মকর্তা নিয়োজিত থাকবেন।
সংরক্ষিত নারী আসনের বণ্টন প্রসঙ্গে ইসি সচিব জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তাদের জোট পাবে ৩৬টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোট পাবে ১৩টি আসন, এবং স্বতন্ত্রদের জন্য থাকবে একটি আসন।
তিনি আরও জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং রুমিন ফারহানা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবেন; তারা কোনো জোটে নেই।
এদিকে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে আখতার আহমেদ বলেন, ‘আগামীকাল এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জাতীয় নির্বাচনে যে মানদণ্ড স্থাপন করা হয়েছিল, আশা করি সেটি আরও উন্নত হবে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে