ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো নতুন প্রতীক ‘শাপলা কলি’
নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে নির্বাচন কমিশনের (ইসি) সংরক্ষিত প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে নতুন প্রতীক ‘শাপলা কলি’। বৃহস্পতিবার ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
গেজেট অনুযায়ী, ‘শাপলা কলি’ প্রতীকটি তালিকার ১০২ নম্বরে যুক্ত হয়েছে। এটি এখন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো একটিকে বরাদ্দ দেওয়া যাবে।
ইসির নতুন প্রজ্ঞাপনে বলা হয়, ‘নৌকা’ প্রতীককে স্থগিত রেখে মোট ১১৯টি নির্বাচনী প্রতীক হালনাগাদ করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য স্থগিত প্রতীক ছাড়া বাকি প্রতীকগুলোর যেকোনো একটি বরাদ্দ দেওয়া যাবে।
বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত এস.আর.ও. নং ৪৩১-আইন/২০২৫ প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮–এর বিধি ৯-এর উপবিধি (১) সংশোধনের মাধ্যমে এই নতুন তালিকা কার্যকর করা হয়েছে। এর ফলে ২৪ সেপ্টেম্বরের পুরোনো প্রজ্ঞাপন (এস.আর.ও. নং ৩৮১-আইন/২০২৫) বাতিল করা হয়েছে।
নতুন তালিকায় রয়েছে জনপ্রিয় প্রতীক যেমন—আপেল, আম, একতারা, ঘোড়া, টেলিভিশন, ধানের শীষ, রেল ইঞ্জিন, বাইসাইকেল, হাতি, সূর্যমুখী ইত্যাদি।
এর আগে ২৪ সেপ্টেম্বর প্রকাশিত তালিকায় প্রতীকের সংখ্যা ছিল ১১৫টি।
গত সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ইসির এক সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ইসির বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় এটি জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দেওয়া সম্ভব নয়। তবে কমিশন নিজ বিবেচনায় অন্য প্রতীক বরাদ্দ দিতে পারে।
সূত্রমতে, এনসিপি দলটি দীর্ঘদিন ধরে ‘শাপলা’ প্রতীক চেয়ে আসছিল এবং এ নিয়ে ইসির সঙ্গে একাধিক বৈঠক ও চিঠি আদানপ্রদান করে। অবশেষে সেই দাবির পরিপ্রেক্ষিতেই ইসি ‘শাপলা কলি’কে নতুন প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করেছে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে