ইস্টার্ন রিফাইনারির বার্ষিক পরিশোধন ক্ষমতা ৪৫ লাখ টনে উন্নীত করার উদ্যোগ
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) অর্থায়নে বাস্তবায়িত হতে যাওয়া এক বৃহৎ আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের বার্ষিক জ্বালানি পরিশোধন ক্ষমতা ১৫ লাখ মেট্রিক টন থেকে তিনগুণ বাড়িয়ে ৪৫ লাখ মেট্রিক টনে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ সরকারের জ্বালানি নিরাপত্তা জোরদার করা এবং আমদানিকৃত পরিশোধিত জ্বালানির ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে গৃহীত এই প্রকল্পে ১২,০০০ কোটি টাকা (১.০০৪ বিলিয়ন মার্কিন ডলার) অর্থায়ন করবে আইডিবি।
অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বৃহস্পতিবার ‘মডার্নাইজেশন অ্যান্ড এক্সপ্যানশন অব ইস্টার্ন রিফাইনারি ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের জন্য একটি অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং আইডিবির পক্ষে ব্যাংকের ডিরেক্টর জেনারেল আনাস আইসামি স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আইডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রকল্পটি বাস্তবায়ন করবে বলে আশা করা হচ্ছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জানায়, এটি বাংলাদেশে আইডিবির একক কোনো প্রকল্পে সর্ববৃহৎ বিনিয়োগ। আধুনিকায়নের পর বর্ধিত এই পরিশোধনাগার থেকে পরিবেশবান্ধব ইউরো-৫ মানের জ্বালানি তেল উৎপাদন করা সম্ভব হবে।
সরকার আশা করছে, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের আমদানি হ্রাস পাবে, বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, দেশীয় জ্বালানি উৎপাদন বৃদ্ধি পাবে এবং সার্বিকভাবে দেশের জ্বালানি নিরাপত্তা আরও সুসংহত হবে।
মতামত দিন