২৬ দিন পর উৎপাদনে ফিরল ইস্টার্ন রিফাইনারি
অপরিশোধিত তেলের তীব্র সংকটের কারণে দীর্ঘ ২৬ দিন বন্ধ থাকার পর পুরোদমে উৎপাদনে ফিরেছে দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। শুক্রবার (৮ মে) সকাল থেকে প্রতিষ্ঠানটির প্রধান ইউনিটে প্রক্রিয়াকরণ কাজ শুরু হয়।
ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত এ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আজ সকাল ৮টা থেকে প্ল্যান্টের কাজ শুরু হয়েছে। তবে পুরোদমে উৎপাদন প্রক্রিয়া স্থিতিশীল হতে কয়েক ঘণ্টা সময়ের প্রয়োজন হয়।
তিনি বলেন, “সকাল ৮টায় প্ল্যান্ট চালু করা হয়েছে। তবে মূল উৎপাদন শুরু হওয়ার আগে প্রক্রিয়াকরণে কিছুটা সময় লাগে।”
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ববাজারে সরবরাহ বিঘ্নিত হওয়ায় অপরিশোধিত তেলের মজুদ ফুরিয়ে যাওয়ায় গত ১২ এপ্রিল শোধনাগারটির উৎপাদন বন্ধ হয়ে যায়। সম্প্রতি সৌদি আরব থেকে অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজ কুতুবদিয়া বহির্নোঙরে পৌঁছালে এই সংকটের সমাধান হয়। জাহাজটিতে এক লাখ টন অপরিশোধিত তেল রয়েছে।
চলতি মাসের শেষ দিকে ‘এমটি ফসিল’ নামের আরও একটি তেলের ট্যাঙ্কার আসার কথা রয়েছে, যা জ্বালানি সরবরাহ পরিস্থিতিকে আরও সহজতর করবে বলে আশা করা হচ্ছে।
বছরে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করার সক্ষমতা রয়েছে ইস্টার্ন রিফাইনারির। এখান থেকে প্রতিদিন প্রায় ৪ হাজার টন ডিজেল উৎপাদিত হয়, যা বাংলাদেশের জ্বালানি সরবরাহ সচল রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে