ইস্টার সানডে আজ
আজ রোববার খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ বা যিশু খ্রিষ্টের পুনরুত্থান দিবস। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আধ্যাত্মিক ও আনন্দঘন।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, গুড ফ্রাইডেতে ইহুদি শাসকগোষ্ঠী যিশুকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। মৃত্যুর তৃতীয় দিন, অর্থাৎ রোববার, তিনি পুনরুত্থিত হন—এই ঘটনাকেই ইস্টার সানডে হিসেবে স্মরণ ও উদযাপন করা হয়। খ্রিষ্টানদের বিশ্বাস, যিশুর এই পুনরুত্থানের মাধ্যমে মানবজাতির পাপ মোচনের পথ উন্মুক্ত হয়।
এই দিন উপলক্ষে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া এক যৌথ বিবৃতিতে দেশবাসী ও বিশ্বব্যাপী খ্রিষ্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন, বর্তমান বৈশ্বিক সংকটে ইস্টারের বার্তা বিশ্বে সম্প্রীতি ও মানবতার বন্ধন জোরদারে সহায়ক হবে।
ইস্টার উদযাপন উপলক্ষে আজ সকালে মিরপুর ১০ নম্বরে ঢাকা আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চে প্রার্থনা অনুষ্ঠিত হবে। প্রার্থনার পাশাপাশি থাকবে প্রার্থনাসংগীত, বাইবেল পাঠ, আশীর্বাদ ও দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা। রাজধানীর কাকরাইল, তেজগাঁওসহ দেশের সব গির্জায়ও ইস্টার উপলক্ষে বিশেষ প্রার্থনাসভা আয়োজন করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে