Views Bangladesh Logo

পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা

খুলনার দিঘলিয়ায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা নাসিমুল করিম ওরফে নাসিমকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার ফরমাইজখানা এলাকায় ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত নাসিম ফরমাইজখানা এলাকার মৃত আব্দুর গফুরের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা ও বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে একটি চায়ের দোকানে বসে চা পান করেন নাসিম। পরে সেখান থেকে বাড়ির উদ্দেশে রওনা হলে ফায়ার সার্ভিসের সামনে দুই ব্যক্তি তার পথরোধ করে। এ সময় তারা নাসিমকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি সড়কে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাসিমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা, তিনটি তাজা গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন ও একটি চশমা উদ্ধার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার কারণ অনুসন্ধানের পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ