ভূমিকম্প বলে-কয়ে আসে না, আগেই প্রস্তুত হতে হবে: ত্রাণমন্ত্রী
ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় আগে থেকেই প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, ভূমিকম্প বলে-কয়ে আসে না। হঠাৎ ভূমিকে কাঁপিয়ে বিস্তীর্ণ জনপদ ধ্বংস করে দিতে পারে। তাই ভূমিকম্প আসার আগেই প্রস্তুত থাকতে হবে, যাতে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা যায় এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে ‘প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ভূমিকম্প বিষয়ক প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুল হাবিব দুলু বলেন, বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। এ ধরনের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয় এক লাখ স্বেচ্ছাসেবককে প্রশিক্ষিত করে প্রস্তুত করছে।
তিনি বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। এখানে প্রতিনিয়ত নানা ধরনের দুর্যোগ আঘাত হানে। দুর্যোগের দুর্ভোগ কমাতে বর্তমান সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, প্রশিক্ষণ একজন মানুষকে দক্ষ, পরিণত ও পরিপূর্ণ করে তোলে। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা সুযোগ পাওয়া মাত্রই আর্তমানবতার সেবায় ঝাঁপিয়ে পড়বেন বলে আশা প্রকাশ করেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন