বিশ্বকাপ থেকে বাদ পড়া ডাচ রেফারি রব ডিপেরিঙ্কের রহস্যজনক মৃত্যু
২০২৬ বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল নেদারল্যান্ডসের ৩৮ বছর বয়সী ফুটবল রেফারি রব ডিপেরিঙ্কের। তবে বিশ্বকাপ শুরুর আগে তাকে রেফারিং প্যানেল থেকে বাদ দেওয়া হয়। এবার রহস্যজনকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এক বিবৃতিতে কেএনভিবি জানায়, ডিপেরিঙ্কের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ একজন রেফারিকে হারিয়েছে ফুটবল। একই সঙ্গে তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে সংস্থাটি।
গত এপ্রিলে ডিপেরিঙ্কের বিরুদ্ধে লন্ডনের একটি হোটেলে এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। অভিযোগের পরপরই ফিফা তাকে সাময়িকভাবে বিশ্বকাপের রেফারিং প্যানেল থেকে সরিয়ে দেয়। পরে ব্রিটিশ পুলিশ পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় মামলাটি খারিজ করে দিলেও ফিফা তাকে আর বিশ্বকাপের দায়িত্বে ফিরিয়ে নেয়নি।
বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর ডিপেরিঙ্ক প্রকাশ্যে হতাশা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, মিথ্যা অভিযোগ তাকে মানসিকভাবে ভেঙে দেয়। তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করেছিলেন এবং ফিফা ও উয়েফাকে সব তথ্য জানিয়েছিলেন। তদন্ত শেষে অভিযোগ থেকে মুক্তি পেলেও বিশ্বকাপে দায়িত্ব হারানোর সিদ্ধান্ত তাকে গভীরভাবে মর্মাহত করেছিল।
তবে ব্রিটিশ পুলিশের তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ার পর ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন তার পাশে দাঁড়ায় এবং তাকে আবারও নেদারল্যান্ডসের ঘরোয়া লিগে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেয়। ডিপেরিঙ্ক এর আগে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
মতামত দিন