ঢাবির নতুন প্রক্টর ইসরাফিল রতন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)।
রোববার (১০ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলাম তাকে ১০ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন।
একই সঙ্গে প্রচলিত বিধি অনুযায়ী তিনি দায়িত্বকালীন ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
এতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করা যেতে পারে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডারের বিধি অনুযায়ী প্রক্টরের দায়িত্ব ও কর্মপদ্ধতি অনুসরণ করার নির্দেশও দেওয়া হয়েছে।
নতুন প্রক্টরকে দ্রুত দায়িত্বভার গ্রহণ করে যোগদানপত্র রেজিস্ট্রার অফিসে জমা দিতে অনুরোধ করা হয়েছে।
এর আগে একই দিনে দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সাইফুদ্দীন আহমদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত নতুন ভারপ্রাপ্ত প্রক্টর নিয়োগ দেয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে