বোধনে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা আজ
দেবীর বোধনে শারদীয় দুর্গোৎসবের শুভসূচনা হচ্ছে শনিবার (২৭ সেপ্টেম্বর) । পাঁচদিনের মূল পূজা শুরু হবে রোববার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠীতে।
রাজধানী ঢাকাসহ দেশজুড়ে পূজামণ্ডপগুলোতে এখন উৎসবের আমেজ। প্রতিমা সাজানো, আলোকসজ্জা, ঢাক-ঢোল, ধূপ-ধুনো আর ভক্তদের আগমনে রূপ নিচ্ছে অনন্য ধর্মীয় ও সর্বজনীন সাংস্কৃতিক মিলনমেলা।
হিন্দু ধর্মীয় বিশ্বাসে বোধন মানে দেবী দুর্গাকে জাগ্রত করা। পুরাণ মতে, রামায়ণে ভগবান রাম শরৎকালে রাবণ বধের জন্য অকালে দেবীর আরাধনা করেছিলেন। সেই থেকেই শরতের এই দুর্গাপূজা অকালবোধন নামেও পরিচিত।
এবার বিশেষ নিয়মে পঞ্চমীর সন্ধ্যাতেই বোধন হচ্ছে। কারণ, পঞ্জিকা অনুসারে ষষ্ঠীর সন্ধ্যায় উপযুক্ত সময় মিলছে না। শাস্ত্রমতে, তিথির সন্ধিক্ষণে সঠিক সময় না মেললে বোধন এগিয়ে আনা হয়।
শাস্ত্রীয় ব্যাখ্যা অনুসারে, এ বছর দেবী দুর্গার আগমন ঘটছে গজে (হাতি) চড়ে, যা শস্যসমৃদ্ধি ও শান্তির বার্তা বহন করে। তবে বিদায়ের সময় দেবী যাবেন দোলায় (পালকি) চেপে, যা পরিবর্তন ও অস্থিরতার ইঙ্গিত দেয়।
আগামীকাল মহাষষ্ঠী দিয়ে শুরু হবে পূজার মূল পর্ব, এরপর মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী, আর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই মহোৎসব।
এ বছর ঢাকায় ২৫৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা হচ্ছে, যা গত বছরের চেয়ে সাতটি বেশি। সারাদেশে মণ্ডপের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৩৫৫টি, যা গতবারের চেয়ে প্রায় এক হাজারটি বেশি।
দুর্গাপূজাকে ঘিরে রাজধানীসহ সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ ও প্রশাসন। পাশাপাশি স্বেচ্ছাসেবক ও পূজা উদ্যাপন কমিটিও সক্রিয় রয়েছে, যেন শান্তিপূর্ণভাবে উদ্যাপিত হয় শারদীয় এই মহান উৎসব।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে