Views Bangladesh Logo

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলে ডিইউজের নিন্দা

 VB  Desk

ভিবি ডেস্ক

থ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দুই শতাধিক সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করায় উদ্বেগ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। এ ঘটনার প্রতিবাদ ও নিন্দাও জানানো হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক আকতার হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

তারা বলেন, এটি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাংবাদিকদের ওপর হামলা- মামলা, গ্রেপ্তার ও হয়রানি সরকারের জন্য কোনো সুফল বয়ে আনবে না। যারা গণতন্ত্র, মানবতা এবং স্বাধীন সাংবাদিকতার কথা বলছেন, তাদের কাছ থেকে এ ধরনের সিদ্ধান্ত কোনোভাবেই আশা করে না জনগণ।

বিবৃতিতে ডিইউজে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা একজন নোবেলজয়ী ব্যক্তিত্ব। উপদেষ্টাদের মধ্যে অনেকেই তাদের পেশাগত জীবনে দক্ষতা ও গ্রহণযোগ্যতার পরিচয় দিয়েছেন। সেই সরকারের সময়ে সাংবাদিকদের নামে আগের মতো মামলা-হামলা চলমান থাকবে সেটা কখনো কাঙ্ক্ষিত নয়। এ ছাড়া সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করাও গ্রহণযোগ্য হতে পারে না।

ডিইউজে অবিলম্বে একটি গণতান্ত্রিক, উদার ও শোষণহীন রাষ্ট্র নির্মাণে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করার জন্য সরকারের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ