ডুয়েটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২২ জুন বিকেল ৩টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫০০ টাকা, যা বিকাশ, রকেট অথবা অগ্রণী ব্যাংকের মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা যাবে।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক, দাখিল বা সমমান পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫.০০ স্কেলে কমপক্ষে জিপিএ ৩.০০ থাকতে হবে।
এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রিকালচার বা আর্কিটেকচার পরীক্ষায় গড়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা সিজিপিএ ৪.০০ স্কেলে কমপক্ষে সিজিপিএ ৩.০০ থাকতে হবে। শুধুমাত্র ২০২৪ ও পরবর্তী বছরে ডিপ্লোমা পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে এ সময়সীমা শিথিলযোগ্য।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মেকানিক্যাল, আইপিই ও এমএমই বিভাগে ভর্তিচ্ছুদের একটি মাত্র ফরমের মাধ্যমেই নিজেদের পছন্দক্রম উল্লেখ করতে হবে। তবে যারা একাধিক অনুষদে পরীক্ষা দিতে ইচ্ছুক, তাদের প্রতিটি বিভাগের জন্য পৃথকভাবে আবেদন সম্পন্ন করতে হবে। এছাড়া কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রসপেক্টাস বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://admission.duetbd.org) থেকে জানা যাবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে