Views Bangladesh Logo

ভোট দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে এমন একটি দিনের অপেক্ষায় ছিল। গত ১৬ বছর দেশের মানুষ ভোটের আনন্দ থেকে বঞ্চিত ছিল। জনগণের মুক্তির সংগ্রাম এবার প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে বাস্তবায়নের সুযোগ পেয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় খাগড়াছড়ির শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভোটারদের উদ্দেশে সাদিক কায়েম বলেন, “ভোটকেন্দ্রে যান এবং আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। প্রতিনিধি হিসেবে তাদেরই বেছে নিন, যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেছে, যারা সংস্কারের পক্ষে, যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে এবং যারা গত দেড় বছর ধরে বিপ্লবোত্তর আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করেছে।”

তিনি আশা প্রকাশ করেন, প্রায় ১২ কোটি ভোটার এবারের নির্বাচনে অংশ নেবেন, যার মধ্যে রয়েছেন চার কোটি তরুণ ভোটার। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা আগামী বাংলাদেশের শাসক নয়, বরং জনগণের সেবক হিসেবে কাজ করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এছাড়া গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, গত ৫৫ বছর ধরে মানুষের যে আকাঙ্ক্ষা, তার ভিত্তিতে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে বলে আশাবাদী তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ