ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ২য় তলার কনফারেন্স রুমে এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক ও ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি বলেন, আগামী ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। ওইদিন ভোটগ্রহণের পরপরই ভোট গণনা করা হবে।
হল সংসদ নির্বাচনের ফলাফল সংশ্লিষ্ট কেন্দ্রে এবং ডাকসু সমন্বিতভাবে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সভাকক্ষে ঘোষণা করা হবে।
এর আগে সর্বশেষ ২০১৯ সালের ১১ মার্চ হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। দীর্ঘ ২৮ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০১৯ সালের নির্বাচনে নেতৃত্বে এসেছিলেন সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর, সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে