তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা
যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা আগামী সোমবার (৯ নভেম্বর) তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন।
বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত তাঁর এই সফরে যুক্তরাজ্য ও বাংলাদেশের অংশীদারত্ব, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, সংস্কৃতি এবং রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় বিভিন্ন কার্যক্রম গুরুত্ব পাবে।
শনিবার (৭ নভেম্বর) যুক্তরাজ্যের রাজকীয় যোগাযোগ দপ্তর (রয়্যাল কমিউনিকেশনস) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরকালে ঢাকায় বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন ডাচেস অব এডিনবরা। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের সঙ্গে নারীদের ও মেয়েশিশুদের কল্যাণ, সুরক্ষা ও ক্ষমতায়ন নিয়ে আলোচনা করবেন তিনি।
সফরের অংশ হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন ডাচেস। সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হবে।
এ ছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করবেন তিনি। তাঁদের মধ্যে নারী হকি খেলোয়াড়েরাও থাকবেন। খেলাধুলার মাধ্যমে নারী ও মেয়েশিশুদের জন্য নতুন সুযোগ সৃষ্টির বিষয়টি এ সময় গুরুত্ব পাবে।
বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষেও আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন ডাচেস অব এডিনবরা। সেখানে তরুণদের সঙ্গে উদ্যাপনে অংশ নিয়ে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও নারীর ক্ষমতায়নের বিষয়গুলো তুলে ধরবেন তিনি।
ঢাকা সফরের পাশাপাশি কক্সবাজারেও যাবেন ডাচেস। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করবেন। বাস্তুচ্যুত রোহিঙ্গা নারী, মেয়ে ও পরিবারগুলোর সুরক্ষা এবং সহায়তা কার্যক্রম সম্পর্কে জানবেন তিনি। পাশাপাশি শরণার্থী জনগোষ্ঠীর সহনশীলতা ও নেতৃত্ব বিকাশ, নারী ও শিশুদের পুনর্বাসন, সুরক্ষা এবং সমাজে অন্তর্ভুক্তির জন্য পরিচালিত কার্যক্রমও পরিদর্শন করবেন।
যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) অনুরোধে ডাচেস অব এডিনবরা বাংলাদেশ সফর করছেন। এর আগে ২০১৭ সালে তিনি বাংলাদেশ সফর করেছিলেন।
মতামত দিন