Views Bangladesh Logo

ডা. জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি। বৈঠকে নারী ও কন্যাশিশুর কল্যাণ, নিরাপত্তা এবং ক্ষমতায়নে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ডাচেস সোফি বাংলাদেশে পৌঁছানোর পরপরই প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে দেখা করেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ডাচেস অব এডিনবার্গ সোফি ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত তিন দিনের সফরে বাংলাদেশে অবস্থান করবেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে তিনি এ সফরে এসেছেন।

সফরকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের বিষয়ে বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

এ ছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচালিত মানবিক কার্যক্রম পরিদর্শনেরও পরিকল্পনা রয়েছে তাঁর। এ উদ্দেশ্যে কক্সবাজার সফরে গিয়ে রোহিঙ্গাদের সহায়তায় নিয়োজিত বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখবেন যুক্তরাজ্যের এই রাজপরিবারের সদস্য।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ