আমিরাতে ৭৫ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টি, দুবাইয়ে বন্যা
সংযুক্ত আরব আমিরাতে টানা বৃষ্টি হয়েছে। গত দুই দিনের এই বৃষ্টি দেশটির ৭৫ বছরের রেকর্ড ভেঙ্গে ফেলেছে। এ সময়ের মধ্যে মোট ১৪২ মিলিমিটার (৫.৫ ইঞ্চি) এর বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর ফলে বন্যায় ভেসে গেছে দুবাই শহর। বিমান বন্দরে জমেছে পানি। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, প্রতি বছর গড়ে সেখানে ৯৪.৭ মিলিমিটার বা ৩.৩৭ ইঞ্চি বৃষ্টিপাত হয়।
গার্ডিয়ানের খবরে জানা যায়, সোমবার (১৫ এপ্রিল) রাতে বৃষ্টি শুরু হয়ে তা মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকে। এই ভারী বর্ষণের কারণে আরব আমিরাতের প্রধান মহাসড়কগুলো প্লাবিত হয়েছে। বন্ধ রাখা হয় শিক্ষা-প্রতিষ্ঠান।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই অবস্থা আগামী বুধবার পর্যন্ত বহাল থাকবে। একই সঙ্গে অফিস কর্মীদের জন্য হোম অফিসের মেয়াদও বহাল থাকবে।
এদিকে আন্তর্জাতিক ভ্রমণের জন্য বিশ্বের ব্যস্ততম বন্দর হিসেবে পরিচিত দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর। তবে ভারী বর্ষণের কারণে পানি জমেছে বিমান বন্দরে। ফলে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। বৃষ্টির কারণে মঙ্গলবার কিছু আগত ফ্লাইট অন্য বিমানবন্দরে সরিয়ে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ।
অন্যদিকে ভারী বর্ষণের কারণে বন্যার কবলে পড়েছে ফ্ল্যাগশিপ শপিং সেন্টার দুবাই মল এবং মল অব এমিরেটসও। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে একটি দুবাই মেট্রো স্টেশনের নিচের অংশ বন্যার পানিতে ডুবে যেতে দেখা গেছে।
এ ছাড়াও বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা। সেই ভবনের চূড়ায় বজ্রপাত স্পর্শ করতেও দেখা গেছে।
এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, বৃষ্টিজনিত দুর্ঘটনায় দেশটির রাস আল-খাইমাতে অন্তত একজন নিহত হয়েছে। ৭০ বছর বয়সী ওই ব্যক্তি তার গাড়িতে আটকা পড়ে স্রোতে ভেসে যান।
এক্সে করা একটি পোস্টে ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি ‘বাসিন্দাদের সব ধরনের সতর্কতা অবলম্বন করার এবং বন্যা ও জলাবদ্ধ এলাকা থেকে দূরে সরে যাওয়ার অনুরোধ করেছে।’
অস্বাভাবিক এই বৃষ্টিপাতকে জলবায়ু সংক্রান্ত একটি ‘ব্যতিক্রমী’ ঘটনা বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সরকারি মিডিয়া অফিস। এক্সে করা একটি পোস্টে তারা দেশটিতে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে।
মতামত দিন