সায়েন্স ল্যাব অবরোধে সাত কলেজের শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ
একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (মঙ্গলবার) সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা ঢাকা কলেজ ক্যাম্পাসে জড়ো হয়। পরে তারা রাস্তায় নেমে ব্যস্ততম এই মোড়টি অবরোধ করেন।
জানা গেছে, বেলা সোয়া ১২টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এর পর থেকে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের এলাকায়ও ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।
এ ব্যরপারে ঢাকা কলেজের একজন শিক্ষার্থী এবং আন্দোলনের অন্যতম সংগঠক নাইম হাওলাদার বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ নিয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছি। এই অধিভুক্তির কারণে আমরা শিক্ষাজীবনে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং সেশন জটে পড়ছি। আগে আমরা সমস্যা সমাধানের দাবি জানিয়েছিলাম। তবে এখন থেকে আমরা ঢাবির অধিভুক্তি বাতিলের দাবি জানাচ্ছি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেয়ার জন্য আমরা আহ্বান জানাই।’
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে সাতটি অধিভুক্ত কলেজ নিয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অবিলম্বে একটি কমিশন গঠন, ৩০ দিনের মধ্যে কমিশনের কাছ থেকে একটি খসড়া প্রস্তাবনা এবং নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সেশন জট হবে না এই আশ্বাস।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে