গোপন আয়োজনে দাম্পত্য জীবনে প্রবেশ করলেন দুয়া লিপা ও ক্যালাম টার্নার
পপ তারকা দুয়া লিপা এবং ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ খ্যাত অভিনেতা ক্যালাম টার্নার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে লন্ডনের ঐতিহাসিক ওল্ড মেরিলেবোন টাউন হলে তাদের বিয়ের আনুষ্ঠানিক অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানটি ছিল একান্ত ব্যক্তিগত ও সীমিত পরিসরের, যেখানে কেবল নিকটজনদেরই আমন্ত্রণ জানানো হয়েছিল। দম্পতির এই বিশেষ মুহূর্ত ঘিরে ভক্তদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।
রোববার (৩১ মে) আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে এই বিয়ের খবরটি নিশ্চিত হওয়া যায়।
বিয়ের অনুষ্ঠানে দুয়া লিপাকে দেখা যায় বিখ্যাত ফ্যাশন হাউস শিয়াপারেলির তৈরি একটি সাদা পোশাকে। এর সঙ্গে তিনি পরেছিলেন সাদা গ্লাভস, ক্রিশ্চিয়ান লুবুতাঁর জুতা এবং বড় আকৃতির সাদা টুপি। অন্যদিকে ক্যালাম টার্নার পরেছিলেন নেভি ব্লু স্যুট ও টাই।
দুয়া লিপা ও ক্যালাম টার্নারের প্রেমের গুঞ্জন প্রথম শোনা যায় ২০২৪ সালের জানুয়ারিতে। লন্ডনে একটি আফটার পার্টিতে একসঙ্গে দেখা যাওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। পরে একই বছরের জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন তারা।
২০২৫ সালের জুনে ব্রিটিশ ভোগ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে দুয়া লিপা তাদের বাগদানের বিষয়টি নিশ্চিত করেন। সে সময় তিনি জানিয়েছিলেন, বিশ্ব সফর শেষ করার পর বিয়ের পরিকল্পনা রয়েছে তাদের। সাক্ষাৎকারে বিয়ে নিয়ে নিজের অনুভূতির কথাও জানিয়েছিলেন এই গায়িকা।
দুয়া বলেন, একসঙ্গে বার্ধক্যে পৌঁছানোর সিদ্ধান্ত, একটি জীবন ভাগ করে নেওয়া এবং আজীবন সবচেয়ে ভালো বন্ধু হয়ে থাকার অনুভূতি সত্যিই বিশেষ। ভবিষ্যতে সন্তান নেয়ার ইচ্ছার কথাও প্রকাশ করেছিলেন তিনি। তবে কাজের ব্যস্ততা ও সফরসূচির কারণে সঠিক সময় নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিতে চান না বলে জানিয়েছিলেন এই তারকা।
প্রসঙ্গত, দুয়া লিপা বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় পপ তারকাদের একজন। অন্যদিকে ক্যালাম টার্নার ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিরিজসহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্র ও টেলিভিশন প্রজেক্টে অভিনয় করে পরিচিতি পেয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে