Views Bangladesh Logo

মিমোর ‘আত্মহত্যায় প্ররোচনা’ মামলা: রিমান্ড শেষে কারাগারে ঢাবি শিক্ষক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার মামলায় রিমান্ড শেষে সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মামলার নথি অনুযায়ী, নিহত মুনিরা মাহজাবিন মিমো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি পরিবারের সঙ্গে বাড্ডা এলাকায় বসবাস করতেন।

গত ২৬ এপ্রিল সকালে নিজ কক্ষ থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার কক্ষ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়।

পরবর্তীতে নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা বাদী হয়ে সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।

এর আগে সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে আদালত তাকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুনরায় কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাজী ইকবাল হোসেন। আসামিপক্ষের আইনজীবী মধু সূদন দেব জামিন আবেদন করেন।

আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ