Views Bangladesh Logo

৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা

 VB  Desk

ভিবি ডেস্ক

২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রায় সাড়ে সাত বছর পর সাধারণ সম্পাদক (জিএস) পদে রাশেদ খাঁনকে নির্বাচিত ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। ওই নির্বাচনে জিএস পদে বিজয়ী ঘোষণা করা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।’ তিনি জানান, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি অবৈধ প্রমাণ করে। পরে সিন্ডিকেটের শোকজ নোটিশেরও উপযুক্ত জবাব দিতে না পারায় একাডেমিক কাউন্সিলের সভায় তার ছাত্রত্ব বাতিল করা হয়। এর পরিপ্রেক্ষিতে ডাকসুর জিএস পদও বাতিল করা হয়েছে। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খাঁনকে এরপর জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

২০১৯ সালের ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে জয়ী হন নুরুল হক নুর। তিনি ১১ হাজার ৬২ ভোট পেয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছিলেন ৯ হাজার ১২৯ ভোট।

জিএস পদে ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে গোলাম রাব্বানী বিজয়ী ঘোষণা হন। আর দ্বিতীয় অবস্থানে থাকা রাশেদ খাঁন পেয়েছিলেন ৬ হাজার ৬৩ ভোট।

এর আগে ২০২৫ সালের ২৬ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিল প্রোগ্রামের ছাত্রত্ব বাতিল করে। একই সঙ্গে ডাকসুর জিএস পদে তার অবস্থানও অবৈধ ঘোষণা করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ