Views Bangladesh Logo

জুলাই গণ-অভ্যুত্থান: ঢাবির ৩ শিক্ষক বরখাস্ত, ২ জন অব্যাহতি

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালীন শিক্ষার্থীদের হুমকি প্রদান এবং বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে আরও দুই শিক্ষককে তাদের একাডেমিক দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২২ জুন) রাতে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘সিন্ডিকেট’ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সাময়িকভাবে বরখাস্ত হওয়া তিন শিক্ষক হলেন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক নজমুল আহসান কলিমুল্লাহ এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম জামাল উদ্দিন। অন্যদিকে একাডেমিক কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি পাওয়া দুই শিক্ষক হলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে পরিচিতি পাওয়া শিক্ষক তাশরিক-ই-হাবিব।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও সাবেক ছাত্রলীগ নেতা ‘লভলু মোল্লা শিশিরকেও’ সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আল মোজাদ্দেদ আলফেসানী জানান, বরখাস্ত হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের হুমকি দেওয়াসহ বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে।

এদিকে সংশ্লিষ্ট বিভাগের একাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক আজমালের বিরুদ্ধে শিক্ষার্থীদের হুমকি ও নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে শিক্ষক তাশরীক-ই-হাবিবকে একাডেমিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সিন্ডিকেট সভায় ২০১৯ সালের ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদ থেকে গোলাম রাব্বানীর প্রার্থিতা ও পদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে অ্যাকাডেমিক কাউন্সিল রাব্বানীর জিএস পদ এবং তার এমফিল প্রোগ্রামের ভর্তি বাতিলের সুপারিশ করেছিল। একই সাথে এই পদে রাশেদ খানকে স্থলাভিষিক্ত করার বিষয়টি বিবেচনার জন্য বিশ্ববিদ্যালয়ের আইনি উপদেষ্টার (লিগ্যাল অ্যাডভাইজার) মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ