Views Bangladesh Logo

ছাত্রলীগের কমিটিতেও আছেন ঢাবি ছাত্রশিবিরের সেক্রেটারি!

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদের আরও একটি পরিচয় জানা গেছে। বাংলাদেশ ছাত্রলীগেরও একটি পদে ছিলেন তিনি।

সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলে থাকতেন ওই শিক্ষার্থী। হল শাখা ছাত্রলীগের বর্তমান কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে তার নাম দেখা গেছে।

রোববার (২২ সেপ্টেম্বর) রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে ফরহাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ পায়। ছাত্রশিবিরের একজন সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে তার শিবির সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ঢাবি ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েমের পরিচয় প্রকাশের পর তার মতোই তুমুল আলোচনার জন্ম দিয়েছে সেক্রেটারি জেনারেল ফরহাদের নতুন পরিচয়ও। এ বিষয়ে সাদিক কায়েমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েমের পরিচয় প্রকাশ করা হয়। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র।

সাদিক ও ফরহাদ দুজনেই চট্টগ্রামের বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম (উচ্চ মাধ্যমিক) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ