ঢাবি অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন গ্রেপ্তার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় বুধবার সকালে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
পুলিশ জানায়, বুধবার সকালে গুলিস্তান স্টেডিয়ামের সামনে থেকে ‘ঢাকা-টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা ২০২৬’ কর্মসূচির ঘোষণা দেন জামাল উদ্দিন। পরে তিনি সেই পদযাত্রায় অংশ নেন। এ সময় সেখান থেকেই তাকে আটক করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচজন মারধরের শিকার হন। সে সময় পুলিশ জানিয়েছিল, ফেসবুকে ‘গণকান্না’ কর্মসূচির ঘোষণা দিয়ে তারা সেখানে গেলে বিক্ষুব্ধ জনতা তাদের ওপর হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।
এ ছাড়া গত বছরের ১১ ডিসেম্বর দুপুরে আ ক ম জামাল, জিনাত হুদাসহ কয়েকজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে গেলে সেখানে উত্তেজনা তৈরি হয়। তাদের উপস্থিতির খবর পেয়ে অনুষদ ভবনের সামনে জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা।
দুপুর ১টার দিকে ভবন থেকে বের হওয়ার সময় ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়েরের নেতৃত্বে শিক্ষার্থীরা জামাল উদ্দিনকে ধাওয়া দেন। তিনি দৌড়ে ভবনের নিচে রাস্তায় চলে গেলে সিঁড়ির কাছে তাকে আটকে রাখার চেষ্টা করা হয় এবং কিছু সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে।
সেদিনের একটি ভিডিও পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এ বি জুবায়েরকে বলতে শোনা যায়, ‘আপনি যেতে পারবেন না। আপনি শিক্ষার্থীদের ব্রাশফায়ার করে মেরে ফেলার কথা বলেছেন। শিক্ষার্থীদের খুনের কথা যারা বলেন, তারা কীভাবে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন?’ এরপর সহপাঠীদের পুলিশে ফোন করার আহ্বান জানান তিনি। এক পর্যায়ে জামাল উদ্দিন ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা দৌড়ে একটি প্রাইভেট কারে উঠে ক্যাম্পাস ত্যাগ করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে