বইমেলা উদ্বোধন ঘিরে ২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন
প্রধানমন্ত্রী তারেক রহমানের অমর একুশে বইমেলা উদ্বোধনকে কেন্দ্র করে সাময়িকভাবে বন্ধ রাখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন। নির্ধারিত সময়ে স্টেশনটিতে কোনো ট্রেন থামবে না এবং যাত্রীদের প্রবেশ বা বের হওয়াও বন্ধ থাকবে।
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ সিদ্ধান্ত নিয়েছে বলে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, বাংলা একাডেমি গত ২৪ ফেব্রুয়ারি ডিএমটিসিএলকে পাঠানো এক চিঠিতে বিষয়টি অবহিত করে। চিঠিতে উল্লেখ করা হয়, ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় বইমেলা ও অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে।
গত ২৪ ফেব্রুয়ারি বাংলা একাডেমি এ সংক্রান্ত চিঠি ডিএমটিসিএলকে দেয়। এতে জানানো হয়, প্রতিবছরের ধারাবাহিকতায় আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণ ও তৎসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ‘অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা ২০২৬’ অনুষ্ঠিত হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন মর্মে সম্মতি জ্ঞাপন করেছেন। এ পরিপ্রেক্ষিতে উদ্বোধনের দিন মেট্রোর ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সাময়িক বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে