Views Bangladesh Logo

ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, শনাক্ত ৫৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯২ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যে অভিযুক্ত ৯২ শিক্ষকের মধ্যে ৫৮ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক।

কমিটিকে অভিযুক্ত শিক্ষকদের বিষয়ে সার্বিক তথ্য পর্যালোচনা করে করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে। ইতিমধ্যে কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক গোপন তৎপরতায় যুক্ত রয়েছেন।

ওই প্রতিবেদন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসার পর বিষয়টি যাচাই-বাছাই ও প্রয়োজনীয় করণীয় নির্ধারণের জন্য কমিটি গঠন করা হয়েছে।

প্রতিবেদনটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষক এমন তৎপরতার সঙ্গে যুক্ত রয়েছেন বলে উল্লেখ করা হয়েছিল। তাদের মধ্যে ৫৮ জনের নাম ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের তৎপরতার সঙ্গে আরও কোনো শিক্ষকের সম্পৃক্ততার তথ্য বা নাম শনাক্ত হলে তাদের বিষয়ও কমিটি খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় সুপারিশ করবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে অভিযোগে নাম আসা শিক্ষকদের বিরুদ্ধে এ পর্যন্ত কী ধরনের প্রমাণ পাওয়া গেছে বা তাদের বক্তব্য কী—তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ