Views Bangladesh Logo

আইসিটি একাডেমি হিসেবে কাজ করবে ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের (সিআইডিইউ) শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ করে তুলতে হুয়াওয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে সিআইডিইউ তাদের প্রচলিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি হুয়াওয়ে আইসিটি অ্যাকাডেমির কার্যক্রমও পরিচালনা করবে।

সোমবার (১৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সিনো-বাংলা ডে ২০২৬’ উপলক্ষে আয়োজিত চাইনিজ এন্টারপ্রাইজ জব ফেয়ারে এ সমঝোতা সই হয়। হুয়াওয়ে সাউথ এশিয়ার পাবলিক অ্যাফেয়ার্সের ব্যবস্থাপনা পরিচালক মা বেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সমঝোতার আওতায় সিআইডিইউ-এর শিক্ষার্থীরা হুয়াওয়ের অনলাইনভিত্তিক এআই প্রশিক্ষণ কর্মসূচিতে বিনা খরচে অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রশিক্ষণে গণিতের মৌলিক ধারণা থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন দিক, ইন্টেলিজেন্ট কালচারাল কম্পিউটিং, এআইয়ের নীতি ও ব্যবহার, এআই প্রযুক্তির প্রয়োগ এবং হুয়াওয়ের এআই প্রসেসর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে পাঠ দেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তির ব্যবহারিক জ্ঞান ও আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

এ উদ্যোগ প্রসঙ্গে হুয়াওয়ে সাউথ এশিয়ার পাবলিক অ্যাফেয়ার্সের ব্যবস্থাপনা পরিচালক মা বেন বলেন, বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে শিল্পপ্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করতে হুয়াওয়ে কাজ করছে। তরুণদের এআই দক্ষতা বাড়ানোর মাধ্যমে ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করা এবং দেশের প্রযুক্তিনির্ভর উন্নয়নে তাদের সম্পৃক্ত করাই এ ধরনের উদ্যোগের লক্ষ্য বলে জানান তিনি।

অন্যদিকে সিআইডিইউ-এর পরিচালক ড. ইয়াং হুই বলেন, পরিকল্পিত এআই কোর্স এবং আন্তর্জাতিক সনদ অর্জনের সুযোগ শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষাকে আরও সমৃদ্ধ করবে। এর ফলে তারা আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানদণ্ড সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের পাশাপাশি এআইকে ভবিষ্যৎ ক্যারিয়ারের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে বিবেচনা করতে উৎসাহিত হবে। যৌথ উদ্যোগটি সিআইডিইউ-এর প্রশিক্ষণ কার্যক্রমেও ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।

হুয়াওয়ে আইসিটি অ্যাকাডেমি বিশ্বের বিভিন্ন দেশে শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ তৈরিতে কাজ করছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এমন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক জ্ঞান ও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতার মধ্যে দূরত্ব কমানোর সুযোগ তৈরি হচ্ছে। এদিকে চাইনিজ এন্টারপ্রাইজ জব ফেয়ারে হুয়াওয়ে আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে সিভি সংগ্রহ করে। এর মাধ্যমে চাকরিপ্রত্যাশীরা প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে সরাসরি জানার এবং আবেদন করার সুযোগ পান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ