সাম্য হত্যার বিচার ও ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবিতে ছাত্রদলের কালো পতাকা মিছিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার এবং ক্যাম্পাসে নিরাপত্তা প্রদানে ব্যর্থতার অভিযোগ তুলে উপাচার্য (ভিসি) ও প্রক্টরের পদত্যাগ দাবিতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র সংগঠনটি।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্যকে মঙ্গলবার (১৩ মে) রাতে বাংলা একাডেমি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে পিটিয়ে ছুরিকাঘাতে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার ও মামলার অগ্রগতির কথা জানিয়েছে পুলিশ।
মূল অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবিতে রোববার (১৮ মে) দুপুরে ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা। ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে অপারেজেয় বাংলায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা।
বিক্ষোভ সমাবেশে পদত্যাগ না করলে ছাত্রদল ভিসি-প্রক্টরকে চেয়ার থেকে টেনে নামাতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
অভিযোগ করে তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থী সাম্য হত্যার বিচার চান। অথচ, এখন শিক্ষার্থী নামক গ্রুপ বের হয়েছে, যারা হত্যার ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে।
ঢাবির ভিসিকে ‘মবক্রেসি’ আখ্যা দিয়ে শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘ভিসি-প্রক্টরসহ প্রক্টরিয়াল টিমের সদস্যরাও সাম্যের নিরাপত্তা দিতে পারেননি। এরপরও কিভাবে এই ভিসি-প্রক্টর তাদের পদে বহাল থাকেন?’
সাম্য হত্যা ঘিরে উত্তাল এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকা। কয়েকদিন ধরে বিক্ষোভ ও মশাল মিছিল এবং শাহবাগ থানা ঘেরাও-সমাবেশ করে আসছেন ছাত্রদলসহ বিভিন্ন ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় তদন্তের বর্তমান অবস্থা ব্যাখ্যা করেছি। এ পর্যন্ত মামলায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছি’।
‘তদন্ত চলছে এবং কিলিং মিশনে অংশ নেয়া ও জড়িত সবাইকে গ্রেপ্তারে নিরলসভাবে কাজ করছি’- যোগ করেন তিনি।
ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, রাজনীতির ঊর্ধ্বে থেকে সাম্য হত্যার বিচার নিশ্চিত করতে হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে