সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল মাউশি
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সামাজিক মাধ্যম ব্যবহারে আরও সচেতন ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
গতকাল বুধবার মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ এবং ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ অনুসরণ করতে হবে। এসব নীতিমালা ও আইন অমান্য করা আচরণবিধি লঙ্ঘনের শামিল, যা অনেক ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ ও শাস্তিযোগ্য অপরাধ।
আদেশে আরও বলা হয়, সামাজিক মাধ্যমে অনুপযুক্ত পোস্ট, মন্তব্য বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে এবং সাইবার অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। প্রয়োজনে জাতীয় নিরাপত্তা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনাটি দেশের সব সরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে, যাতে তারা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরি করেন।
মাউশির নির্দেশে বলা হয়, অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা দপ্তর ও প্রতিষ্ঠানে কর্মরতদের প্রতি অনুরোধ করা হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নির্দেশিকা ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ মেনে চলার জন্য।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে