বিয়েতে কর নেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) তার আওতাধীন এলাকায় বিবাহ নিবন্ধন কার্যক্রম শৃঙ্খলায় আনার উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে একজনের চারটি বিয়ে পর্যন্ত নিবন্ধন কর নির্ধারণ করে দিয়েছে সংস্থাটি।
গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পদক্ষেপের ফলে বিয়ে নিবন্ধন সংক্রান্ত বিষয়াবলি সুশৃঙ্খল ও তথ্য সমৃদ্ধ হবে। ভবিষ্যতের ভিত্তি হিসেবে ব্যবহারের ক্ষেত্রে, বিশেষ করে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে অন্যান্য সংস্থাকে সংশ্লিষ্ট তথ্যাদি সরবরাহ ও সিদ্ধান্ত গ্রহণেও সহায়ক হবে। একইসঙ্গে করপোরেশনের রাজস্ব আদায় বাড়বে।
ডিএসসিসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ৮২ নম্বর ধারার ৪র্থ তফসিলের ৮ নম্বর ক্রমিকে অর্পিত ক্ষমতাবলে এবং আদর্শ কর তফসিল ২০১৬ এর ১০(৪) এর ১৫২ নম্বর ক্রমিকে উল্লিখিত হারে এই কর আদায় করা হবে।
আদর্শ কর তফসিল, ২০১৬ এর ১০(৪) এর ১৫২ নম্বর ক্রমিক অনুযায়ী, (ক) প্রথম বিবাহ বা স্ত্রীর মৃত্যুর পর প্রথম বিবাহের ক্ষেত্রে ১০০ টাকা, (খ) প্রথম স্ত্রীর জীবদ্দশায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে ৫ হাজার টাকা, (গ) প্রথম দুই স্ত্রীর জীবদ্দশায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে তৃতীয় বিবাহের ক্ষেত্রে ২০ হাজার টাকা, (ঘ) প্রথম তিন স্ত্রীর জীবদ্দশায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে চতুর্থ বিবাহের ক্ষেত্রে ৫০ হাজার টাকা। (ঙ) প্রথম স্ত্রী যদি মানসিক ভারসাম্যহীন অথবা বন্ধ্যা হয়, (সেক্ষেত্রে ক, খ, গ ও ঘ এ বর্ণিত কর প্রযোজ্য হবে না) তাহলে পরবর্তী বিয়ের ক্ষেত্রে ২০০ টাকা বিবাহ কর করপোরেশনের রাজস্ব হিসেবে জমা দিতে হবে।
এদিকে ডিএসসিসির মুখপাত্র আবু নাসের বলেন, ‘এই নীতি চলতি বছরের জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এ মাসে ডিএসসিসির ৪৫টি ওয়ার্ডে মোট ২৮টি বিবাহ নিবন্ধিত হয়েছে। এতে ২ হাজার ৮০০ টাকা রাজস্ব আদায় করেছে সিটি কর্পোরেশন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে