Views Bangladesh Logo

আগামী ২ বছরে ঢাকাকে বাসযোগ্য নগরীতে রূপান্তরের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

আগামী দুই বছরের মধ্যে রাজধানী ঢাকাকে একটি মানসম্পন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শনিবার (২৩ মে) রাজধানীর সিরডাপ ভবনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত ‘ঢাকায় বৃষ্টি ভোগায় কেন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, ঢাকার বর্তমান চিত্র বদলাতে হলে নাগরিক ও সরকারি সংস্থার যৌথ উদ্যোগ প্রয়োজন। জনগণ যদি ৫০ শতাংশ এবং সিটি কর্পোরেশন বা সরকার যদি বাকি ৫০ শতাংশ দায়িত্ব পালন করে, তাহলে একটি সুন্দর ও বাসযোগ্য শহর গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, ঢাকাকে বিশ্বের সবচেয়ে দূষিত, আবর্জনাময় ও মশার শহর হিসেবে পরিচিতি থেকে বের করে আনতে হলে পরিকল্পিত নগর ব্যবস্থাপনা ও নাগরিক শৃঙ্খলা জরুরি।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি রাজনৈতিক পরিবর্তনের পর নতুন সরকার দায়িত্ব নিয়েছে। এ অবস্থায় সরকারকে সময় দেওয়া উচিত। অন্তত দুই থেকে তিন বছর সময় দিয়ে দেখা উচিত, তারা জনগণের মৌলিক সমস্যাগুলো সমাধান করতে পারে কি না।

তিনি আরও বলেন, উন্নয়ন বাধাগ্রস্ত করতে রাজনৈতিক প্রতিহিংসা বা অস্থিরতা সৃষ্টি করা ঠিক হবে না।

ডেঙ্গু নিয়ন্ত্রণ, নগর পরিচ্ছন্নতা এবং যানজট নিরসনে সব রাজনৈতিক দল ও নাগরিকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

‘নজরুল চত্বর’ গড়ার উদ্যোগ
একই দিনে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে অংশ নিয়ে ডিএসসিসি প্রশাসক ঘোষণা দেন যে, ধানমন্ডির রবীন্দ্র সরোবরের পাশে ‘নজরুল চত্বর’ নামে একটি স্থায়ী সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতিতে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে এবং ঈদের পর থেকেই নির্মাণকাজ শুরু হবে। এ চত্বরে একটি পাঠাগার থাকবে, যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, গান, নাটক, প্রবন্ধ ও জীবনকর্ম সংরক্ষণ করা হবে।

তিনি বলেন, নজরুলের সাহিত্য সব বয়সের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস। তার লেখা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা জাগ্রত করে এবং মানবিক মূল্যবোধকে শক্তিশালী করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ